বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্প্রতি ইসরায়েলি কমেডিয়ান বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্ট’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নেতানিয়াহু বলেন, আর্জেন্টিনাকে সমর্থন করার অন্যতম কারণ দেশটির বর্তমান প্রেসিডেন্ট। তার মতে, হাভিয়ের মিলেই একজন ‘সুপারস্টার’ এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু।
আলোচনার একপর্যায়ে নেতানিয়াহু নিজেই প্রশ্ন করেন, তিনি কেন বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষ নেন। উত্তরে সঞ্চালক লিওনেল মেসির নাম উল্লেখ করলে নেতানিয়াহু বলেন, মেসির আগেই তার পছন্দ মিলেই। তিনি মুক্তবাজার অর্থনীতির সমর্থক এবং ইসরায়েলের প্রতি আন্তরিক অবস্থানের জন্য মিলেইকে বিশেষভাবে মূল্যায়ন করেন।
নেতানিয়াহুর মতে, মুক্ত অর্থনীতির প্রতি মিলেইয়ের অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তাকে আলাদা করে তুলেছে।
এদিকে, লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ ষোলোতে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
পি/ডি