কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার বাসিন্দা ও সাইজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হোটেলের একটি কক্ষের ভেতরে আনোয়ার হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পি/ডি