অর্থনীতি

দুই দফা ঊর্ধ্বগতির পর কমেছে স্বর্ণের দাম

বায়ান্ন প্রতিবেদন

দুই দফা টানা মূল্যবৃদ্ধির পর অবশেষে কিছুটা স্বস্তি ফিরল স্বর্নের বাজারে। ভরিপ্রতি দাম ছয় হাজার টাকার বেশি বাড়ার পর এবার সেই ঊর্ধ্বগতিতে লাগাম টেনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্নের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও কমানো হয়েছে সব ধরনের স্বর্নের নতুন দাম।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায় দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্নের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্নের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্নের দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্নের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্নের দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ৩ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্নের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে আরও ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। ফলে মাত্র দুই দফায় ভরিপ্রতি মোট ৬ হাজার ৫৯০ টাকা দাম বাড়ার পর এবার সেই ঊর্ধ্বগতির কিছুটা সমন্বয় করা হলো।

গত ৩ জুলাই নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্নের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্নের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯০ হাজার ১২২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্নের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। সোমবার দুপুর ১২টা ১৪ মিনিট পর্যন্ত এই দরেই স্বর্নের গহনা বিক্রি হয়েছে।

স্বর্নের পাশাপাশি রুপার দামও অপরিবর্তিতভাবে নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস #দাম