উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে সংস্থাটি।
রোববার (০৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সই করা এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।
এতে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এ প্রেক্ষিতে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পি/ডি