খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে ইতি (১৫) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। ইতি বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে।
শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইতি বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে লাগে। ঘটনার পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ইতির পরিবার জানায়, ইতি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রাতে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিল সে। এ সময় গুলির ঘটনা ঘটে।
আই/এ