মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে ১০ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ, সাত জন নারী ও এক শিশু।
আটকের পর বিজিবি তাদের নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করে। তবে কেউই বাংলাদেশি নাগরিকত্বের সপক্ষে কোনও বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে, কোনও প্রকার অনুপ্রবেশ ঘটতে না দিয়ে বিজিবি তাদের কঠোর অবস্থানে থেকে বৃহস্পতিবার রাতেই পুনরায় ভারতে ফেরত পাঠায়।
এ ঘটনার পর জুড়ী সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
আই/এ