জাতীয়

জুনের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গেল জুন মাসে অনেক গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সমাধান এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (০২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, দেশের বিভিন্ন জেলার প্রশাসক ডিসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।  

সভায় জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের সম্ভাব্য কারণ, বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের বাস্তব পরিস্থিতি এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেছেন, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও উঠে এসেছে। এ বিষয়ে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

জেলা প্রশাসকদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়ার তথ্য জানাননি। তবে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিদ্যুৎ সচিব জানান, বিল প্রস্তুতের ক্ষেত্রে কোনো কারিগরি বা প্রশাসনিক ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। এছাড়া তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অনিয়ম বা অসদাচরণের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থার কার্যালয় অথবা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুৎ (১৬৮৯৯), বিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) নম্বরে অভিযোগ জানানো যাবে।

 

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ বিল #জুন #লোডশেডিং