২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের আনন্দ উদ্যাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৯ বছর বয়সি এক তরুণীও রয়েছেন।
বুধবার (০১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকো ২-০ গোলে জয় পাওয়ার পর বিপুলসংখ্যক সমর্থক রাজধানীর বিভিন্ন সড়কে নেমে উদ্যাপনে অংশ নিলে এ দুর্ঘটনা ঘটে।
শহর প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ায় আনন্দ প্রকাশ করতে ১০ লাখেরও বেশি মানুষ রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হন। সবচেয়ে বেশি ভিড় হয় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পাসেও দে লা রিফর্মা সড়কের বিভিন্ন স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি চিকিৎসা ও সিপিআর দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তারা মারা যান।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেয়র ক্লারা ব্রুগাদা সমর্থকদের দায়িত্বশীলভাবে উদ্যাপন করার আহ্বান জানান। তিনি বলেন, "উদ্যাপন অবশ্যই দায়িত্বশীল, সতর্ক ও সহানুভূতিশীলভাবে করা উচিত।"
মেক্সিকোর জয়ের পর অ্যাজটেকা স্টেডিয়ামসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর আতশবাজি ও উৎসব চলে। এর আগে অতিরিক্ত জনসমাগমের আশঙ্কায় অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স এলাকার পরিবর্তে অন্য স্থানে খেলা দেখার জন্য সমর্থকদের অনুরোধ জানিয়েছিলেন মেয়র।
ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। পরবর্তী পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
এমএ//