ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেছেন, আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার দাবি ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তবে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
রোববার (২৮ জুন) বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, সম্প্রতি তুরাগ নদীতে দুটি পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হলেও সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে ‘৭টি লাশ’ উদ্ধারের গুজব ছড়ানো হচ্ছে। উদ্ধার হওয়া লাশ দুটি সুমন ও রনি নামের দুই স্থানীয়ের। তবে তাদের মৃত্য অন্যভাবে হয়েছে।
গত ২৬ জুন রাত আনুমানিক ২টা ২০ মিনিটে আশুলিয়ার তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন। নিহত ব্যক্তি সাভারের আশুলিয়া এলাকার বাসিন্দা মো. সুমন। এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এছাড়া, গত ২৪ জুন দুপুরে আশুলিয়ার তুরাগ নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া রনি নামে এক ব্যক্তির মরদেহ প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। এ ঘটনাতেও আশুলিয়া থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এই দুটি স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ভাসমান ৭টি লাশ’ উদ্ধারের অপপ্রচার চালানো হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে।
এ ধরণের গুজবে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান পুলিশ সুপার।
আই/এ