ইতালির রাজধানী রোমে এক ভয়াবহ হত্যাকাণ্ডে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্য নিহত হয়েছেন। অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও এলাকায় একটি বাসার ভেতরে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। এ ঘটনায় তাদের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
ইতালির স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাত এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ ওই পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারান কামাল, তার স্ত্রী ও ছোট মেয়ে।
হামলার সময় বাঁচার জন্য বাসা থেকে বের হয়ে সহায়তার চেষ্টা করেন পরিবারের বড় ছেলে। তবে হামলাকারী তাকেও আক্রমণ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত তরুণকে দ্রুত হাসপাতালে পাঠায়।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রোম পুলিশ। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে শুরু হয়েছে ব্যাপক অভিযান।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা, ডাকাতির উদ্দেশ্য কিংবা অন্য কোনো কারণ— সব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করছেন। পাশাপাশি আশপাশের ভবনগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রোম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসি//