জাতীয়

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলে ইরানের সঙ্গে সমন্বয় জরুরি: উপপররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, ইরানকে পাশ কাটিয়ে বা দেশটির মতামত উপেক্ষা করে কোনো নিরাপত্তা কাঠামো কার্যকর করা সম্ভব নয়।

শুক্রবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাজেম গরিবাবাদি বলেন, “অস্পষ্ট ব্যবস্থা, বিকল্প নৌপথ কিংবা উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের বিবেচনার বাইরে নেওয়া কোনো সিদ্ধান্তের ভিত্তিতে চলাচলকারী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে যেকোনো কার্যকর ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হলে তা অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের বিধান অনুসারে পরিচালিত হতে হবে।

উপপররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, যদি এসব শর্ত অনুসরণ না করা হয়, তাহলে বিকল্প নৌপথ পরিচালনার কার্যক্রম স্থগিত করা হতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা ব্যবস্থাপনা নিয়ে একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী, এ বিষয়ে ইরান প্রথমে ওমানের সঙ্গে আলোচনা করবে। 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের প্রতি সম্মান রেখে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য উপকূলীয় দেশের সঙ্গেও পরামর্শ অব্যাহত রাখবে ইরান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ প্রণালি #ইরান