প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে বৃহস্পতিবার (২৫ জুন) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) চীনের ঐতিহাসিক গ্রেট হলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, এসব চুক্তি বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বৈঠক করবেন।
মাহদী আমিন জানান, দুই দেশের শীর্ষ পর্যায়ের এসব আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন।
তিনি আশা প্রকাশ করেন, বৈঠকগুলো থেকে ইতিবাচক ফল আসবে, যা বাংলাদেশের জনগণের উন্নয়ন ও অগ্রগতির পথে আরও সহায়ক হবে।