বিনোদন

প্রাক্তন ও হবু দুই ‘বেগম’কে নিয়ে আমিরের নতুন সফর!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার কারণ, তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটকে একই গাড়িতে একসঙ্গে দেখা গেছে। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া।

সম্প্রতি ‘লগান’ চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। ওই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং বর্তমান প্রেমিকা ও হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা যায়, প্রথমে গাড়িতে ওঠেন গৌরী স্প্র্যাট। এরপর একই গাড়িতে ওঠেন কিরণ রাও এবং ছেলে আজাদ। সামনে আসনে বসেন আমির খান নিজে। গাড়ির জানালা বন্ধ থাকলেও হাসিমুখে তিনি উপস্থিত ফটোগ্রাফারদের দিকে হাত নাড়েন।

ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায়, গাড়ির পেছনের আসনে পাশাপাশি বসে কিরণ রাও এবং গৌরী স্প্র্যাট কথোপকথনে মগ্ন। তাদের মাঝখানে বসে ছিলেন আমির খানের ছেলে আজাদ। এই মুহূর্তটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে নেটিজেনদের।

ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মন্তব্য করেছেন, “এই না হলে আমিরি স্টাইল”, আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “একজন স্ত্রী সামলাতেই যেখানে মানুষ হিমশিম খায়, সেখানে আমির একসঙ্গে দুই দিকই সামলাচ্ছেন।” তবে অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন।

উল্লেখ্য, বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমির খানের সুসম্পর্ক নতুন কিছু নয়। প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সঙ্গেই তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। পারিবারিক অনুষ্ঠানগুলোতেও তাদের একসঙ্গে দেখা যায়।

এরই মধ্যে জানা গেছে, আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন জীবনে পা রাখবেন এই অভিনেতা।

বিয়ের আগেই প্রাক্তন ও হবু স্ত্রীকে ঘিরে এমন স্বাভাবিক ও আন্তরিক সম্পর্কের দৃশ্য এখন সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিস্টার পারফেকশনিস্ট #আমির খান #হবু স্ত্রী গৌরী স্প্র্যাট #প্রাক্তন স্ত্রী কিরণ রাও