দেশজুড়ে

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ইটভাটার শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলার মদন ও কেন্দুয়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলা গ্রামের শামসুল হুদা এবং একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে মাছ ধরার ফাঁদ তুলতে যান রাজিব মিয়া। এ সময় বজ্রপাতে আহত হয়ে তিনি ক্ষেতের মধ্যে পড়ে থাকেন। পরে বৃষ্টি কমলে স্থানীয়রা পাশের ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার অসহায় হয়ে পড়েছে।

এদিকে একই সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান শামসুল হুদা। অন্যদিকে সান্দিকোনা গ্রামের খালপাড়ে বজ্রপাতের শিকার হয়ে আশরাফুল ইসলামের মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, রাজিব হোসেন নামে এক ইটভাটা শ্রমিক বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের বাড়িতে পরিদর্শনে যাব। পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোণা #বজ্রপাত