আন্তর্জাতিক

সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে নথিতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের ছবি ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা।

বৃহস্পতিবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভার্সাই প্রাসাদ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এটি স্বাক্ষরিত হয়েছে।’ এরপর নিজের স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমি এটি ভার্সাইয়ে স্বাক্ষর করেছি। এই মাত্র এটিতে সই করলাম।’

এদিকে ইরনার প্রতিবেদনে দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ছবিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে চুক্তির নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। পরে তাকে নিজের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকা চুক্তির মূল পাতা প্রদর্শন করতেও দেখা গেছে।

ইরনা জানিয়েছে, ফার্সি ১৪০৫ সালের ১৮ জুন বৃহস্পতিবার প্রথম প্রহরে চুক্তিটি সম্পন্ন হয়। সংবাদসংস্থাটির ভাষ্য অনুযায়ী, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনগোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সমঝোতা স্মারকে ইরান ও আমেরিকার প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন।’

এই সমঝোতা স্মারককে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট পক্ষগুলোর মতে, চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়ন হলে অঞ্চলটিতে নতুন করে স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি হতে পারে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #ট্রাম্প