স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। টিকাদান কার্যক্রম জোরদার করার পরও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই রোগ। গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন মাসে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫২ জন।

এদিকে, গত এক দিনে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

সবশেষ হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯৫১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৩২৩ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪১ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম