চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) রাত ১১টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের আরেক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়া (৫) বর্তমানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘরের দরজার সামনে রক্তাক্ত অবস্থায় এনি বড়ুয়া ও শিশু পিয়াসকে পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার নিথর দেহ। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানাযায়, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় নিরাপত্তাকর্মী। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকার একটি আবাসিক স্থাপনায় দায়িত্ব পালন করছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। তিনি বলেন, “আমি শহরে ছিলাম। বড় ভাই ফোন করে খবর দিলে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, অজ্ঞাত হামলাকারীরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশী লিমন বড়ুয়ার সঙ্গে নিহত পরিবারের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থাকতে পারে। ওই লেনদেনের কাগজপত্রের খোঁজে এ হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পি/ডি