স্বাস্থ্য

আদ্-দ্বীনের শোকজের জবাব গ্রহণযোগ্য নয়, আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে অনেক তথ্য অস্পষ্ট রয়েছে। ফলে সরকার ওই জবাবে সন্তুষ্ট নয়।

তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা আইন অনুযায়ী শিগগিরই নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গেল ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপ্রতুল। এ ছাড়া ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না বলেও তদন্তে উল্লেখ করা হয়। 

তদন্তে আরও জানা যায়, জন্মের পর নবজাতকদের অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে পরবর্তী সময়ে অবস্থার অবনতি ঘটলেও যথাযথ তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি ছিল।

এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাবের পর এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্তের প্রস্তুতি চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আদ্-দ্বীন #স্বাস্থ্যমন্ত্রী