জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স বাতিলের তথ্যটি গুজব: শিক্ষামন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোর্স বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বরং চাহিদার ভিত্তিতে অনার্স পর্যায়ে নতুন বিষয় যুক্ত করার বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ একই দিন দুপুরে তার ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন।

সেখানে তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

এদিকে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের একটি খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হতে পারে এবং এসব বিষয় অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে সেই তথ্যকে গুজব হিসেবে নাকচ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন #অনার্স #জাতীয় বিশ্ববিদ্যালয়