বিনোদন

আইনজীবী থেকে অভিনেতা, ৭৪ বছর বয়সে পাচ্ছেন পদ্মভূষণ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ দশকের পেশাগত জীবনে চার শতাধিক সিনেমায় কাজ করেছেন মালয়ালম চলচ্চিত্রের সুপারস্টার মাম্মুট্টি। ৭৪ বছর বয়সী এই অভিনেতা এবার পাচ্ছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’। চলতি মাসের শেষ দিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করবেন তিনি।

ভারতের সংস্কৃতি জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেও মাম্মুট্টি নিজেকে শুধু “অভিনেতা” বলেই পরিচয় দিতে চান। কারণ এই জায়গায় পৌঁছাতে তাকে দীর্ঘ সংগ্রাম, পরিশ্রম ও প্রত্যাখ্যানের পথ পেরোতে হয়েছে। সেই অভিজ্ঞতাই এখনো তাকে ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।

পদ্মভূষণ প্রাপ্তির প্রসঙ্গে মাম্মুট্টি বলেন, “বাবা চেয়েছিলেন আমি যেন চিকিৎসক হই। কিন্তু ঘটনাক্রমে আইনজীবী হলাম। তার পরে একজন অভিনেতা।”

অভিনয় জগত বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, পর্দায় নিজের কাজ দেখে অভিনয়ের প্রতি তার আগ্রহ আরও দৃঢ় হয়। তিনি মন দিয়ে কাজটি করতে চেয়েছিলেন। এ জন্য তাকে অনেক লড়াইও করতে হয়েছে। অনেক পরিচালকের সঙ্গে দেখা করলেও তারা নানা খুঁত দেখিয়ে দীর্ঘদিন তাকে ফিরিয়ে দিয়েছিলেন।

কয়েকটি ছোট চরিত্র ছাড়া তেমন কাজ না পাওয়ায় একসময় আইন পেশাতেই বেশি সময় দিতে হয়েছিল মাম্মুট্টিকে। কারণ তত দিনে তিনি বিয়ে করেছিলেন। তবে এর মাঝেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

একসময় মিমিক্রি শিল্পী হিসেবেও কাজ করেছেন মাম্মুট্টি। এরপর আসে দীর্ঘ অপেক্ষা। ১৯৮১ সালের ‘তৃষ্ণা’ সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

নিজের অভিনয়যাত্রা নিয়ে মাম্মুট্টি বলেন, একজন অভিনেতা হয়ে উঠতে তার অনেক সময় লেগেছে। কাজের খুঁটিনাটি শিখেছেন, মনপ্রাণ দিয়ে একের পর এক কাজ করেছেন।

তিনি সব সময় সুপারস্টার হওয়ার চেয়ে অভিনেতা হতে চেয়েছেন। তাই আজও নিজেকে অভিনেতা বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মাম্মুট্টি।

পিডি/এমএ//