আন্তর্জাতিক

পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত ইরান-ইসরাইল, লঙ্ঘন হলে জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। তবে আপাতত সামরিক অভিযান স্থগিত রাখার কথা জানিয়েছে দুই দেশ। একই সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে উভয় পক্ষ।

মঙ্গলবার (০৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার এক টেলিভিশন ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, “এই মুহূর্তে” ইসরাইল হামলা বন্ধ রেখেছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি।

অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইসরাইলকে “কঠোর জবাব” দেয়ার পর তারা সামরিক অভিযান স্থগিত করেছে। একই সঙ্গে ভবিষ্যতে ইসরাইল আবার হামলা চালালে আরও “কঠিন ও বিধ্বংসী” প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

এর আগে রোববার বৈরুতে ইসরাইলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর প্রতিক্রিয়ায় সোমবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে তেল আবিব।

এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু তার নির্দেশ অমান্য করেননি। ট্রাম্পের ভাষায়, “তারা তখন ইতোমধ্যে পথে ছিল। হামলা চালানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।”

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। ইসরাইলি এক কর্মকর্তা দাবি করেছেন, ট্রাম্পের অনুরোধেই ইসরাইল পরবর্তী হামলা বন্ধ করেছে।

ট্রাম্প বলেন, “আমরা একটি শক্তিশালী চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তাই এখন সাধারণ বুদ্ধি ব্যবহার করতে হবে।” তিনি আরও দাবি করেন, “আমি যদি নেতানিয়াহুকে কিছু করতে বলি, সে তা করে।”

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করলে ইসরাইলকে একাই লড়তে হতে পারে।

তবে সোমবার সকালেও উত্তেজনা অব্যাহত ছিল। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান জেরুজালেমসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের মাহশাহর শহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উৎপাদন করা হতো।

ইরানের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান জাফর মিয়াদফার জানিয়েছেন, মাহশাহরে হামলায় ১৪ জন এবং তেহরানে একজন আহত হয়েছেন।

এদিকে লেবাননেও সংঘাত অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় টাইর শহরে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেড ক্রসের চারজন উদ্ধারকর্মী রয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর যানবাহন ও সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে ৩ হাজার ৪৬৮ জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে লেবাননে ইসরাইলি হামলায় ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন। এছাড়া উপসাগরীয় কয়েকটি দেশেও বহু মানুষ হতাহত হয়েছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #ট্রাম্প