খেলাধুলা

বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে পৌঁছেছে ইরানের ফুটবল দল

স্পোর্টস ডেস্ক

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর দলটি শহরে পৌঁছায় বলে জানা গেছে।

তিজুয়ানা শহরটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর ঠিক সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত। চরম রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে খেলোয়াড়দের জন্য মার্কিন ভিসা জটিলতা কাটলেও দলের প্রশাসনিক কর্মকর্তা ও কিছু স্টাফ ভিসা পাননি।

এই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত বেস ক্যাম্প বাতিল করে শেষ পর্যন্ত মেক্সিকোর তিজুয়ানায় অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয় ইরান দল।

এর আগে পরিকল্পনা ছিল, ইরান দল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করবে। কিন্তু ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে তারা পরিকল্পনা পরিবর্তন করে মেক্সিকোতে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয়।

পরে জানা যায়, যুক্তরাষ্ট্র দলটির সব খেলোয়াড়কে ভিসা দিলেও কোচিং স্টাফ ও প্রশাসনিক কর্মকর্তাদের একটি অংশ ভিসা পাননি।

‘জি’ গ্রুপে থাকা ইরান জাতীয় দল তাদের প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন তারা নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #মেক্সিকো #জাতীয় ফুটবল দল