২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটা সত্যিই এক কথায় বিশ্বজুড়ে “ফুটবল উৎসব” বলা যায়। তাই এ উৎসব ঘিরে বিনোদন জগতের প্রস্তুতিও একেবারে তুঙ্গে।
চলতি মৌসুমে বিশ্বকাপকে ঘিরে আয়োজকরা কোনোভাবেই বিনোদনে ঘাটতি রাখতে চাইছেন না। তাই শাকিরার মতো বিশ্বখ্যাত তারকার পারফরম্যান্সের পাশাপাশি এবার ফিফার মঞ্চে দেখা যাবে বলিউড তারকা নোরা ফাতেহিকেও।
আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে মঞ্চ মাতাতে ফিরছেন পপ তারকা শাকিরা। এবার তিনি গায়ক বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে পরিবেশন করবেন বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’।
শাকিরার ম্যাজিক ছাড়াও ‘ফিফা’র আসর জমাতে মঞ্চে থাকছেন বলিউডের নোরা ফতেহি। মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক পরের দিন অর্থাৎ ১২ জুন কানাডা এবং আমেরিকাতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন টরন্টোর মঞ্চে পারফর্ম করবেন নোরা ফতেহি। তার প্রাণবন্ত নাচ ও আকর্ষণীয় উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি উন্মাদনা যোগ করবে। ফুটবল আর বিনোদনের মেলবন্ধনে দর্শকদের জন্য এটি হতে পারে স্মরণীয় এক আয়োজন।
এছাড়াও বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট। একই দিনে আমেরিকার সোফাই স্টেডিয়ামে এ সুরের জাদু ছড়াবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং পপুলার র্যাপার ফিউচার। অনলাইনে প্রকাশিত একটি সংক্ষিপ্ত টিজার ভক্তদের কৌতূহল ও উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানের এত তারকাখচিত আয়োজন যে ফুটবল বিশ্বকাপের মঞ্চকে আরও বর্ণাঢ্য করে তুলবে, তা বলাই বাহুল্য।
শোনা যাচ্ছে, ‘সির সির’ নামক একটি গানে ঝড় তুলতে প্রস্তুত নোরা। ধারণা করা হচ্ছে, আগামী সোমবার (০৮জুন) গানটি মুক্তি পাবার পর নোরার আন্তর্জাতিক কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। গানটি প্রকাশের আগেই ‘ফিফা’র তরফে এই গানে কারা পারফর্ম করছেন সেই শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নোরার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক স্তরের খ্যাতনমা শিল্পীরা।
পি/ডি