দেশজুড়ে

খুলনার নানি ও দুই নাতি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

খুলনার আলোচিত ট্রিপল মার্ডার (নানি ও দুই নাতি হত্যা) মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশালের কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি দল।

শুক্রবার (৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদর কোম্পানি এবং র‌্যাব-৮ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়,  খুলনার সোনাডাঙ্গা থানার ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনা উদঘাটনের চেষ্টা চলছে।

গত ২৯ মে সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকার দারুন আমার মহল্লার একটি ভাড়া বাসা থেকে নানী বেবি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুদের বাবা মাসুম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিশুদের মা মেরির দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম হাওলাদারকে প্রধান আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  পারিবারিক কলহের জেরে প্রায় চার বছর আগে মাসুমের সাথে তার প্রথম স্ত্রী ফাতেমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। পরে ফাতেমা বেগম ট্রাকচালক রফিকুল ইসলাম হাওলাদারকে বিয়ে করেন। তবে ফাতেমার মা বেবি বেগম ওই বিয়ে মেনে নেননি। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বেবি বেগম রফিকুলকে বাসায় যেতেও নিষেধ করতেন। এর জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা #ট্রিপল মার্ডার