ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। গ্রেটেস্ট শো অন আর্থের সেই উত্তাপ আর রোমাঞ্চ থেকে বাদ যায়নি বাংলাদেশও। সমর্থকেরা প্রিয় দলের জার্সি কিনছেন, বাড়ির ছাদে ওড়াচ্ছেন প্রিয় দেশের পতাকা। তবে ফুটবলপ্রেমের এই চিরচেনা আবহের মাঝে সম্পূর্ণ ভিন্নধর্মী ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় এসেছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান।
গতকাল বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন কোনো রোগী আর্জেন্টিনার জার্সি পরে তার চেম্বারে এলে, তিনি চিকিৎসকের নিয়মিত ফির অর্ধেক বা ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা দেবেন।
বিশ্বকাপ চলাকালীন পটুয়াখালী শহরের কাজীপাড়ার গ্রিনভিউ হাসপাতালে তার ব্যক্তিগত চেম্বারে এই বিশেষ সুবিধা পাবেন আর্জেন্টিনার সমর্থকেরা।
ডা. মো. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেশথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিতভাবে পেইন ম্যানেজমেন্ট বা ব্যথা নিরাময় বিশেষজ্ঞ হিসেবে রোগীদের সেবা দিয়ে আসছেন। তার চেম্বারের নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও, বিশ্বকাপের দিনগুলোতে আর্জেন্টিনার জার্সি পরা রোগীদের কাছ থেকে ৩০০ টাকা ফি নেওয়া হবে।
ফেসবুকে এই ব্যতিক্রমী পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টিকে ফুটবল বিশ্বকাপের সুস্থ ও সুন্দর বিনোদনের একটি চমৎকার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। চিকিৎসাসেবার মতো একটি মহান পেশার সাথে প্রিয় দলের প্রতি ভালোবাসার এমন অভিনব প্রকাশকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ ফুটবলপ্রেমীরা।
আর/আই