পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী (৪৭) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ফোরকান সম্পর্কে ওই নারীর মামাতো ভাই।
সোমবার (১ জুন) সকালে ওই নারী বাদী হয়ে ফোরকান হাওলাদারের বিরুদ্ধে কলাপাড়া থানায় ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছেন। কলাপাড়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দেয়। বিষয়টি সমাধানে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়।
পরে রাত নয়টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। এসময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তাৎক্ষনিক তার ডাকচিৎকার শুনে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে।
ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার মামলার আসামীকে আজই আদালতে প্রেরন করা হবে।
আই/এ