৬ শিশুর মৃত্যুর ঘটনায় আলোচিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (৩১ মে) বিকেলে অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় এই জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অভিযানে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধুমাত্র চেম্বারগুলোতে মিটার ছিল। হাসপাতালের কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং জায়গাটি নোংরা ছিল।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ত্রুটিগুলো দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককেও বিষয়টি জানানো হয়েছে। এই ত্রুটিগুলো অতি অল্প সময়ের মধ্যে সংশোধন না করলে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করতে না পারার কারণ হিসেবে জনবল ঘাটতির কথা জানিয়েছে।
হাসপাতালে বেকারির বিষয়ে তিনি আরও বলেন, ভ্রাম্যমান আদালত বেকারিটি বন্ধ পেয়েছে। হাসপাতালের ভবন থেকেই তারা বেকারির ভিতরে প্রবেশ করেছেন। একই ভবনে তারা এটি দেখতে পেয়েছেন।
আই/এ