ফুটবল

এবারের বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার কে?

স্পোর্টস ডেস্ক

আর মাত্র ১১ দিন। এরপরই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞে মেতে উঠবে গোটা পৃথিবী। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে চলছে নানা আলোচনা। তবে ট্রফির লড়াইয়ের পাশাপাশি আরেকটি প্রশ্নও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে—এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার কে?

সাম্প্রতিক বাজারমূল্যের হিসাব বলছে, সেই আসনে রয়েছেন স্পেন ও বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। এখনো ২০ বছর পূর্ণ না হলেও তার বাজারমূল্য ৪০১ মিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় তিনিই শীর্ষে অবস্থান করছেন।

শুধু শীর্ষে থাকাই নয়, সমবয়সী অন্য ফুটবলারদের তুলনায় ইয়ামালের বাজারমূল্যও অনেক বেশি। ফুটবল বিশ্লেষকদের মতে, অল্প বয়সে ধারাবাহিক পারফরম্যান্স এবং ভবিষ্যতের সম্ভাবনাই তাকে এই উচ্চতায় নিয়ে গেছে।

সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় ইয়ামালের পরেই রয়েছেন নরওয়ের তারকা এবং ম্যানচেস্টার সিটির গোলমেশিন আরলিং হালান্ড। অন্যদিকে বয়স ২৭ পেরিয়ে গেলেও শীর্ষ তিনে নিজের অবস্থান ধরে রেখেছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবচেয়ে মূল্যবান ১০ ফুটবলারের তালিকায় ইউরোপীয় ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট। রিয়াল মাদ্রিদের তিনজন খেলোয়াড় এই তালিকায় জায়গা করে নিয়েছেন। এছাড়া বার্সেলোনার দুজন এবং ফরাসি জায়ান্ট পিএসজির দুজন ফুটবলারের নামও রয়েছে সেরা দশে।

তবে বিস্ময়ের বিষয়, এই তালিকায় জায়গা হয়নি ফরাসি তারকা উসমান দেম্বেলের। সম্প্রতি পিএসজির হয়ে একের পর এক শিরোপা জয়ের পাশাপাশি ২০২৫ সালের ব্যালন ডি’অরও জিতেছেন তিনি। তারপরও বাজারমূল্যের সেরা দশে তার নাম নেই।

বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলের বাজার এখন শুধু অর্জনের হিসাব দেখে না। একজন খেলোয়াড়ের বয়স, ধারাবাহিক পারফরম্যান্স এবং আগামী কয়েক বছরের সম্ভাবনাকেও বড় করে দেখা হয়। আর সেই কারণেই বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি তারকাদের তালিকায় এখন রাজত্ব করছেন তরুণ ফুটবলাররা।

২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার-

১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার

২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার

৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার

৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার

৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার

৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার

৭. দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার

৮. জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার

৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার

১০. পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার।

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ ফুটবল