অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারত। এসব ব্যক্তি চেন্নাইয়ের একটি কেন্দ্রীয় কারাগারে প্রায় দুই বছর কারাভোগ করেন। পরে বাংলাদেশ ও ভারতের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২৮ মে) তারা দেশে ফিরে আসেন।
দেশে ফিরে আসা ৩৬ জনের সবাই পুরুষ। তাদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এদের মধ্যে ২৫ জন বগুড়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া বাকি ১১ জনের বাড়ি সাতক্ষীরা, চট্টগ্রাম, নাটোর ও নওগাঁ জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, গার্মেন্টসে কাজের আশায় যুবকেরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা চেন্নাই পৌঁছালে ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং পরে আদালত তাদের ১৭ মাসের সাজা দেন। সাজা শেষে তাদের চেন্নাই কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
পরবর্তীতে একটি মানবাধিকার সংস্থার সহায়তায় তাদের শেল্টার হোমে রাখা হয়। শেষ পর্যন্ত দুই দেশের দূতাবাসের সমন্বয় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ঈদুল আজহার দিন তারা দেশে ফেরত আসেন।
ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। তারা আরও জানান, এখনো ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, গার্মেন্টসে কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে নিয়ে যায়, যেখানে তারা প্রতারণার শিকার হন। যেহেতু তারা সবাই প্রাপ্তবয়স্ক, তাই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ উদ্যোগে রাতে বাড়ির পথে রওনা দেন।
পিডি