পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশীরভাগ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
বুধবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় আছে। একারনেই ঈদের দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির এই প্রবণতা রয়েছে।
ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা বেশি।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে গেল ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার। এছাড়া ফেনীতে বৃষ্টি হয়েছে ৭৮ মিলিমিটার। এছাড়া রাজধানী ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার, ফরিদপুরে ৩৭ মিলিমিটার এবং চট্টগ্রামে ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এসময় সবচেয়ে বেশী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও মোংলা অঞ্চলে। খুলনার তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর মোংলায় বিরাজ করেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের পর আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা থাকার সম্ভাবনা রয়েছে।