বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাইক্ষ্যংছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকা সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪২ এ বিস্ফোরণের ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
নিহতরা হলেন ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্যা (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। নিহতরা ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে সীমান্তের একটি কলাবাগানে কাজ করতে গিয়ে প্রথমে অ ক্য মং তংচঙ্গ্যা নামের এক ব্যক্তি মাইন বিস্ফোরণের কবলে পড়েন। তাকে উদ্ধার করতে গেলে চি ক্যং তংচঙ্গ্যা ও শৈ ফু চিং তংচঙ্গ্যা বিস্ফোরণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি মোজাম্মেল হক বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আর/আই