চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ এক ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মরিয়ম বেগম (৫৫) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। এ ঘটনায় ওই ছাত্রের বাবা মা রুবেল ও সুমিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরিয়ম বেগম প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন। গতকাল সকালে তিনি চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করে না পেয়ে রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ রুবেল ফোন করে। খবর পেয়ে রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তার কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মরিয়ম বেগমের কানের স্বর্ণের দুলের জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ওই দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের ছেঁড়া স্বর্ণের দুল দুটি উদ্ধার করেছে। গতকাল ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি। এ কারণে ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মরিয়ম বেগমের ছেলে মারুফ হোসেন বনি জানান, গতকাল রাত পর্যন্ত মাকে খুঁজে না পেয়ে তিনি রুবেলের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সে সময় রুবেল ও সুমি তাকে জানিয়েছিলেন প্রাইভেট পড়ানো শেষ করে তার মা অনেক আগেই চলে গেছেন। অথচ মাকে হত্যা করে লাশ ঘরেই লুকিয়ে রেখেছিলেন তারা।
আই/এ