আন্তর্জাতিক

ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যে ফের জ্বলে উঠল ভারত-পাকিস্তান বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ‘পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে’—এ ধরনের উগ্র মন্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, একটি পারমাণবিক শক্তিধর সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়া চরম দায়িত্বজ্ঞানহীনতা ও অগ্রহণযোগ্য উস্কানি।

আইএসপিআর আরও বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে আবারও ভয়াবহ ও অপ্রয়োজনীয় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

এর আগে শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ নামের এক সেশনে ভারতের সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে সমর্থন ও সীমান্তে তৎপরতা অব্যাহত রাখে, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূগোলে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।

এই বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান সামরিক কমান্ড তীব্র প্রতিক্রিয়া জানায়।

আইএসপিআরের দাবি, ভারতের এমন অবস্থান বারবার অঞ্চলটিকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং অতীত ইতিহাস থেকেও তারা শিক্ষা নেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে এ ধরনের হুমকি দেয়া হলে তার জবাবও সমান ও কঠোর হবে।

ইসলামাবাদ সতর্ক করে জানায়, এ ধরনের উস্কানি কোনো সংঘাতের দিকে গড়ালে তার পরিণতি হবে ভয়াবহ, যা শুধু দুই দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই বিপর্যয়কর হয়ে উঠতে পারে।

সূত্র: আরব নিউজ

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #পাকিস্তান