রাজনীতি

মারা গেছেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান

বায়ান্ন প্রতিবেদন

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির প্রবীণ নেতা এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা আর নেই। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন মেয়ে এবং একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান।

রাজনীতি ও শিল্প—দুই অঙ্গনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে পরে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। একই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় তার নাম থাকলেও শারীরিক অসুস্থতার কারণে পরে সেই মনোনয়ন পরিবর্তন করা হয়।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার স্থানীয় বাড়ি ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কাছে পরিচিত একটি দর্শনীয় স্থান।

১৯৬৪ সালে ব্যাংকিং পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৭৫ সালে পিতার মৃত্যুর পর বাবার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজনৈতিক জীবনে বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনীতির বাইরে সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং দানশীলতার জন্যও নিজ এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ আসনসহ পুরো জেলায় শোকের আবহ নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিজানুর রহমান সিনহা #বিএনপি