জাতীয়

হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে মোট ভোটার সংখ্যা

হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।  তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন। যা মোট ভোটারের ০.০৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখার মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এই নতুন তালিকা প্রকাশ করা হয়।

সবশেষ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।এর মধ্যে, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গের) ভোটারের সংখ্যা ১ হাজার ২৪৩ জন।

গত বছরের ২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তাদের তথ্য যাচাই-বাছাই শেষে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে আবেদনকারীদের তথ্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা নেয়া হয়। গত ৬ মে পর্যন্ত আবেদন নিষ্পত্তি হয় এবং আজ (১৪ মে) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভোটার