জাতীয়

রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় ব্যয় না হলে ভালো কিছু করা যেত: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

বিগত সরকারের আমলে বাস্তবায়িত বড় কয়েকটি উন্নয়ন প্রকল্প—রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতু—নিয়ে অপ্রয়োজনীয় ব্যয়ের বিষয় তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব প্রকল্পে অযথা খরচ না হলে আরও ভালো ফল পাওয়া সম্ভব হতো।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পুলিশ প্রশাসনই সরকারের প্রতিচ্ছবি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে না দেখে ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা হবে সত্যিকার অর্থে জনগণের পাশে থাকা একটি প্রতিষ্ঠান। সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, লক্ষ্য অর্জনে পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে এবং যেকোনো পরিবেশে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে সরকার। পাশাপাশি সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারের মূল্যায়ন অনেকাংশেই করে পুলিশের আচরণ ও ভূমিকার ওপর ভিত্তি করে। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি আরও বেশি করে অর্জন করতে হবে।

সভায় তিনি পুনরায় উল্লেখ করেন, রূপপুর, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু প্রকল্পে অতিরিক্ত ব্যয় না হলে আরও উন্নত ফলাফল অর্জন করা যেত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান