আন্তর্জাতিক

বিজেপির জয়েই পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক পরিবর্তনের এক নাটকীয় মোড় ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ। সদ্য গঠিত নতুন সরকারের এক মন্ত্রী অগ্নিমিত্র পাল দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসার ফলে পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে।

শনিবার (০৯ মে) পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হয় এবং ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, হিন্দুত্ববাদী বিজেপি প্রথমবারের মতো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

নতুন সরকারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে অন্যান্য মন্ত্রীরাও দায়িত্ব গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে দেওয়া প্রতিক্রিয়ায় অগ্নিমিত্র পাল বলেন, তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না যে এই রাজনৈতিক পরিবর্তন বাস্তবে ঘটেছে।

তার ভাষায়, “২৩টি পুলিশ মামলা, অপমান, নির্যাতন, আমাদের কাজ করতে না দেওয়া, কর্মীদের ওপর হামলা, এমনকি সহিংসতার মতো পরিস্থিতি পেরিয়ে আমরা এখানে এসেছি—এটা ভাবতেই অবাক লাগছে।”

তিনি আরও বলেন, মাঝে মাঝে নিজের অস্তিত্ব নিশ্চিত করতে তিনি নিজেকে চিমটি কেটে দেখেন, সত্যিই এমন সরকার গঠিত হয়েছে কি না।

অগ্নিমিত্র পাল দাবি করেন, পশ্চিমবঙ্গ একসময় ‘পশ্চিম বাংলাদেশ’-এ রূপ নেয়ার পথে ছিল, কিন্তু নতুন রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে তা থেকে রাজ্যকে রক্ষা করা সম্ভব হয়েছে। তার মতে, এটি ঐতিহাসিক ও অবাস্তব অনুভূতির মতো একটি অর্জন।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পশ্চিম বাংলাদেশ #পশ্চিমবঙ্গ #অগ্নিমিত্র পাল #বিজেপি