আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় সহযোগিতা করলে ভোগান্তির মুখে পড়বে মিত্ররা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সংশ্লিষ্ট দেশগুলো “নিশ্চিতভাবেই সমস্যার মুখে পড়বে”—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার (১০ মে) ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আক্রমি নিয়্যা বলেন, যে কোনো দেশ যদি মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে অংশ নেয়, তাহলে তাদের হরমুজ প্রণালি অতিক্রমে বাধা বা জটিলতার সম্মুখীন হতে হবে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে “শত্রুপক্ষ কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি” এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অক্ষুণ্ন রয়েছে।

তিনি বলেন, “বরং দেশের ভেতরে ঐক্য ও সংহতি আরও শক্তিশালী হয়েছে, যা এখনো রাস্তায় মানুষের উপস্থিতির মাধ্যমে দেখা যাচ্ছে।”

আক্রমি নিয়্যা বলেন, প্রতিপক্ষ বুঝতে পেরেছে যে এই প্রতিরোধ ভাঙা সম্ভব নয়, এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।

তিনি জানান, চলমান যুদ্ধবিরতির সময় ইরান তার সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে, পাশাপাশি প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কৌশল পুনর্বিন্যাস করা হয়েছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও হালনাগাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত আছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র