দেশজুড়ে

পাবনায় ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, প্রধান ফটকে তালা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী ইপিজেডে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রধান ফটক তালাবদ্ধ করে কারখানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মরত শ্রমিকরা।

শনিবার (০৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেও স্লোগান দেন। শ্রমিকদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ বেতন বৃদ্ধি না হওয়ায় স্বল্প আয়ে দীর্ঘ সময় কাজ করেও অতিরিক্ত ভাড়ার চাপ বহন করা কঠিন হয়ে পড়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা হলে তাদের আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে। পাশাপাশি তারা বেতন ও বোনাস বৃদ্ধিরও দাবি জানান।

ওসি আশাদুর রহমান জানান, পরিবহন ভাড়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষের কারণে তারা বিক্ষোভ মিছিল করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ইপিজেড