ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে পুরো কলকাতা এখন উৎসবমুখর। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার (০৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে মনোনীত প্রথম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।
শুক্রবার (০৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। ঘোষণার পর থেকেই কলকাতাজুড়ে শুরু হয় ব্যাপক প্রস্তুতি।
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নেয়া হয়েছে বিশাল আয়োজন। বাংলার ঐতিহ্য তুলে ধরতে মূল মঞ্চে স্থাপন করা হয়েছে বড় দুর্গামূর্তি। পাশাপাশি পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা প্রতিকৃতিতে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানস্থল। অতিথিদের জন্য রাখা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন, যেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ বিভিন্ন পদ থাকবে।
এই মেগা আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর। দেশি-বিদেশি ভিআইপিদের আগমন ঘিরে কলকাতাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে কয়েকগুণ। পুরো ব্রিগেড ময়দানকে ৩৫টি সেক্টরে ভাগ করে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
নতুন সরকার গঠনের প্রস্তুতিতে বিধানসভা ও মহাকরণেও চলছে যুদ্ধকালীন তৎপরতা। বিরোধী দলনেতার আসন ছেড়ে এবার মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী। তার বসার ব্যবস্থাও মুখ্যমন্ত্রীর পুরনো ঘরে। নতুন সরকারের শপথগ্রহণের আগের দিন তোড়জোড় দেখা গেছে বিধানসভায়। মুখ্যমন্ত্রীর ঘর নতুন করে সাজানোর পাশাপাশি জিনিসপত্র গোছগাছের কাজ করা হয়েছে।
এদিন প্রায় চার বছর পর খোলা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘর। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে ওই ঘরটি তালাবন্ধ ছিল। শুক্রবার তালা খুলে ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সরানো হয়েছে নামফলক। ওই ঘরটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সচিবালয়ের কর্মীরা বসবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ উপলক্ষে একে একে সরিয়ে দেয়া হয়েছে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার সদস্যদের নামফলক। সাবেক সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাবেক ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ দেবাশিস কুমার, সাবেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামফলক স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার থেকে বিধানসভায় নির্দিষ্ট ঘরে বসবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার কলকাতায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণও জারি করা হয়েছে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, যদিও জরুরি পরিষেবাকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বিধানসভা— সর্বত্র এখন এক নতুন অধ্যায়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই শপথগ্রহণ শুধু সরকার পরিবর্তনের নয়, বরং রাজ্যের ক্ষমতার ইতিহাসে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
এসি//