সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৬ মে) ভোরে ধানগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—স্থানীয় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং তার সহযোগী রাকিব (২৪)।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী মাহবুবুল আলম বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যাবসার সঙ্গে জড়িত। অভিযুক্ত স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে তাকে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।
গেল ২ মে ভোরে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় মাহবুবুল আলমকে আটকে মারধর করা হয় এবং তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে বিভিন্ন স্থানে আটকে রাখা হয়।
পরে পরিবারের কাছে ফোন করে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ছেলে সবুজ বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আরও জানায়, প্রধান অভিযুক্ত স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
এমএ//