অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি দাবি করেন, বৈশ্বিক পরিস্থিতির তুলনায় বাংলাদেশ জ্বালানি খাতে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে আছে এবং এখানে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রিত রয়েছে।
বুধবার (০৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষি এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে সরবরাহ স্থিতিশীল রাখার চেষ্টা করেছে।
তার দাবি, চাহিদার তুলনায় সরবরাহ ঠিক রাখায় জ্বালানি খাতে একটি ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকলেও সেগুলোকে সুযোগ হিসেবে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের অংশগ্রহণে গঠিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে।
মাহদী আমিনের মতে, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি দাবি করেন, নির্বাচনের পর গত কয়েক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ নিয়েছেন, যা নজিরবিহীন।
সংসদের বর্তমান পরিবেশকে তিনি প্রাণবন্ত বলে উল্লেখ করেন।
তার ভাষায়, সরকারি ও বিরোধী দলের সদস্যরা এখন খোলামেলা আলোচনা করছেন এবং নিজ নিজ এলাকার সমস্যার সমাধান নিয়ে বিতর্ক ও মতবিনিময় হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দিক।
মাহদী আমিন আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন খাতে উন্নয়নের অগ্রগতি দেখা যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম চলছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করে বলেন, অপপ্রচারকে কোনোভাবেই ইতিবাচক রাজনীতি হিসেবে বিবেচনা করা যায় না।
তার মতে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়াই হওয়া উচিত মূল লক্ষ্য।
এসি//