দেশজুড়ে

দুই হত্যা মামলায় শেখ হাসিনা- কাদেরসহ ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত দুইটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের জিআরও জুয়েল রানা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দীন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নিহতদের পরিবার পৃথক তিনটি মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ১৯৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৭০ জন জামিনে থাকলেও ১২৫ জন এখনো পলাতক। অন্যদিকে, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় ১৭৮ জনের মধ্যে ৪১ জন জামিনে এবং ১৩৭ জন পলাতক রয়েছেন। দুই মামলায় মিলিয়ে ২৬২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে আরও রয়েছেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা হেনরী। এছাড়া জেলা পর্যায়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সহ আরও অনেকে।

এর আগে, ২০২৫ সালের ১০ নভেম্বর পুলিশ এ দুই হত্যা মামলায় ৩৭৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ