জাতীয়

বৃষ্টি উপেক্ষা করেই শাহজালাল মাজারের পথে প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।

শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে যাত্রা করে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি মাজারের পথে রওনা দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্তমানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।

দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল বা বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।

এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। সবশেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #হযরত শাহজালাল (রহ.) #তারেক রহমান