রাজনীতি

সাদিক কায়েমের রাজনৈতিক দল থেকে মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই

ইসলামী ছাত্রশিবিরে যে কোনও পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় ডাকসু ভিপি সাদিক কায়েমের অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই।

শুক্রবার (১ মে)  সংগঠনটির প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানান।

তিনি বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনও পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনও রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

ফরহাদ বলেন, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনও রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব বর্তমান সেশনের কোনও দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে

প্রসঙ্গত, এর আগে আজ সকালে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাদিক কায়েম