রাজশাহীতে মদপানের পর অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, জাহিদ কয়েকজন বন্ধুর সঙ্গে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থেকে পড়াশোনা করতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদপান করতেন না। শখের বসে বন্ধুদের সঙ্গে মদ পান করেছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, বুধবার ভোররাতে জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মদপানের বিষয়টি জাহিদের বাবা-মা আগে জানতেন না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএ//