রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মন্ডল আগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন। ঘটনার সময় তিনি তিন বছর ছয় মাস বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শিশুটি তার কোলে থেকে ছিটকে পড়ে যায়।
পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্তপাত হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এসি//