ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৪ জন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার দিবাগত রাতে জাকার্তার পাশের বেকাসি শহরের একটি রেলস্টেশনের কাছে একটি কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ৮৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর থেমে যায়। পরে দূরপাল্লার ট্রেনটি এসে সেটিকে সজোরে আঘাত করে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং জায়গা সংকীর্ণ থাকায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।
তিনি বলেন, ধ্বংসস্তূপ কেটে আটকে পড়াদের বের করতে উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরে ধীরে কাজ করতে হচ্ছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাকার্তা থেকে চিকারাংগামী কমিউটার ট্রেন এবং জাকার্তা-সুরাবায়া রুটে চলাচলকারী দ্রুতগতির দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এমএ//