আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় যে প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব মোকাবিলায় জরুরি প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাজ্য। রোববার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব ড্যারেন জোন্স জানান, চলমান সংঘাতের কারণে অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর যে প্রভাব পড়তে পারে, তা কমিয়ে আনতে সরকার এখন থেকেই কাজ শুরু করেছে।

তিনি বলেন, সাধারণ মানুষকে বাড়তি জ্বালানি খরচ, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিমান ভাড়ার চাপের মুখে পড়তে হতে পারে। 

যুদ্ধ পরিস্থিতির প্রভাব সমাধানের পরও আরও আট মাস বা তার বেশি সময় ধরে অর্থনীতিতে অনুভূত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ড্যারেন জোন্স আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব বৈশ্বিক সরবরাহব্যবস্থায় পড়ছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে খাদ্যসংকট তৈরি হতে পারে—এমন আশঙ্কায় দেশটির সরকার ইতোমধ্যে সম্ভাব্য ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার পরিকল্পনাও তৈরি করেছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত আছে এবং নতুন করে আরেক দফা বৈঠকের প্রস্তুতিও চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাজ্য