আগামী তিন মাসের মধ্যেই দেশে উৎপাদিত ইলেকট্রিক যানবাহন (ইভি) বাজারে আনছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বেইল)।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে ঢাকা অটো সিরিজ ২০২৬-এ প্রতিষ্ঠানটি তাদের প্রোটোটাইপ উন্মোচন করেছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এই অটো প্রদর্শনীতে বেইল তাদের তিনটি ব্র্যান্ডের চার চাকার যাত্রী ও পণ্যবাহী যান এমইভি, মোটরবাইক ব্র্যান্ড গ্লাইডার এবং তিন চাকার যান অটোম্যাক্স উন্মোচন করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের গাড়ি বিক্রির জন্য শিগগিরই প্রি-বুকিং শুরু হবে। তিন মাসের মধ্যে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করবে।
এসব গাড়ি উৎপাদনের লক্ষ্যে প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইভি উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের উৎপাদনের কারনে গাড়ির বডি ও প্লাটফমের্র আমদানিনির্ভরতা কমবে।

বেইলের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির জানিয়েছেন, দেশে একটি পূর্ণাঙ্গ ইভি ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় বেইল। তাদের লক্ষ্য গ্রাহকসেবা ও নির্ভরযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রাহককে সাশ্রয়ী দামে মানসম্মত গাড়ি দেওয়া।
সেলক্ষ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে যানবাহন তৈরী করছেন তারা। গ্রাহকের আস্থা বাড়াতে প্রতিটি যানবাহনে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা দেয়া হবে।
তাদের যানবাহনে গ্লাইডার ও অটোম্যাক্স ব্র্যান্ডের যানগুলোতে ব্যবহার করা হয়েছে রিমুভেবল ব্যাটারি প্রযুক্তি। এতে স্বল্প সময়ে সহজে গাড়ি চার্জ করা সম্ভব।
বেইল কর্তৃপক্ষ আশা করছেন, আগামী জাতীয় বাজেটে ইভি খাতে নীতিগত সহায়তা পেলে উৎপাদন খরচ আরও কমবে। পাশাপাশি দেশীয় ইলেকট্রিক যানবাহন সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বে একদিকে বেড়েছে জ্বালানি খরচ। অন্যদিকে পরিবেশবান্ধব পরিবহনের চাহিদাও বেড়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে ইভি খাতের এই অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
আই/এ